হাসান আজিজুল হক
লেখক সম্পর্কে
হাসান আজিজুল হক ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ দোয়া বখশ্ এবং মাতা জোহরা খাতুন।
হাসান আজিজুল হক জীবনের অধিকাংশ সময় রাজশাহীতে কাটিয়েছেন। তিনি ১৯৫৪ খ্রিষ্টাব্দে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং১৯৫৬খ্রিষ্টাব্দে খুলনার শহরেরঅদূরে দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথম যৌবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। রাজনীতি করার কারণে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে চরম নির্যাতন ভোগ করেন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে রাজশাহী সরকারি কলেজে থেকে দর্শন–এ সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি অধ্যয়নের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন, কিন্তু বিদেশের পরিবেশ ভালো না–লাগায় অধ্যয়ন শেষ না–করেই দেশে প্রত্যাবর্তন করেন।
১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৩ –এ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন।২০০৯–এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। ২০১৪ এর আগস্ট–এ তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ-র সভাপতি নির্বাচিত হন। তার নিজস্ব বাসভবন ‘উজান’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে ‘বিহাস’-এ।
রাজশাহী কলেজে পড়ার সময় কলেজের উদ্যমী তরুণ মিসবাহুল আজীমের সম্পাদনায় প্রকাশিত ভাঁজপত্র ‘চারপাতা‘য় হাসানের প্রথম লেখা ছাপা হয়, লেখাটির বিষয় ছিল রাজশাহীর আমের মাহাত্ম্য। তবে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় ১৯৬০ সালে ‘শকুন’ শীর্ষক গল্প প্রকাশের মধ্য দিয়ে হাসান আজিজুল হক সাহিত্যাঙ্গনে যাত্রা শুরু করেন। তবে কৈশোর জীবনেই তার সাহিত্যচর্চার হাতেখড়ি। তিনি যখন কাশীশ্বরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তখন ঐ স্কুলে রাজা সৌমেন্দ্র চন্দ্র নন্দীর আগমন উপলক্ষ্যে একটি সম্বর্ধনাপত্র রচনার মধ্য দিয়ে তার লেখালেখি জীবনের শুরু। এছাড়া প্রবেশিকা পাশের পরপরই তিনি লেখেন ‘মাটি ও মানুষ’ শীর্ষক একটি উপন্যাস; যে রচনাটি অদ্যাবধি অপ্রকাশিত। ‘শকুন’ গল্পটি প্রকাশের আগেই ১৯৫৬ সালে নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত ‘মুকুল’ পত্রিকায় তার ‘মাটি ও পাহাড়’ শীর্ষক একটি গল্প প্রকাশিত হয়েছিল। এছাড়া বিএল কলেজবার্ষিকীতে তার ‘লাঠি’ শীর্ষক একটি ছোটগল্প এবং ‘সাগর পারের পাখিরা’ শীর্ষক একটি কবিতা প্রকাশের কথাও জানা যায়। এ সময় ‘পাষাণ বেদী’ নামে একটি গল্পও প্রকাশ পেয়েছিল অন্য একটি কলেজবার্ষিকীতে। সাহিত্যচর্চার প্রথম দিকে হাসান আজিজুল হক কবিতা রচনায়ও আগ্রহী হয়েছিলেন। ‘বিনতা রায় : আমি’, ‘নিরর্থক’, ‘গ্রামে এলাম’, ‘দিনাবসান’, ‘কথা থাক’, ‘রবীন্দ্রনাথ’ প্রভৃতি কবিতা তিনি ১৯৫৭ সালে রচনা করেছিলেন। তিনি ১৯৫৭ সালে ‘শামুক’ শীর্ষক একটি উপন্যাস রচনা করে ‘মানিক স্মৃতি উপন্যাস প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করেন। এ উপন্যাসটিও অদ্যাবধি প্রকাশিত হয় নি। ‘শামুক’ উপন্যাসের আংশিক প্রকাশিত হয়েছিল রাজশাহী থেকে প্রকাশিত জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরউল ইসলাম সম্পাদিত পূর্বমেঘ ত্রৈমাসিক পত্রিকায়।
১৯৬০ সালে ‘পূর্বমেঘ’ পত্রিকায় ‘একজন চরিত্রহীনের স্বপক্ষে’ গল্পটি প্রকাশিত হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। পরবর্তী পর্যায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সবগুলো পত্রিকায় লিখেছেন। ‘পূবালী’, ‘কালবেলা’, ‘গণসাহিত্য’, ‘ছোটগল্প’, ‘নাগরিক’, ‘পরিক্রম’, ‘কণ্ঠস্বর’, ‘পূর্বমেঘ’ প্রভৃতি পত্রিকায় তিনি প্রায় নিয়মিত লিখেছেন। ১৯৬৩ সালে সুহৃদ নাজিম মাহমুদের সহযোগিতায় ‘সন্দীপন গোষ্ঠী’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে হাসান আজিজুল হক যুক্ত হন।
হাসান আজিজুল হক এ সময় সুহৃদ নাজিম মাহমুদের সাথে যুগ্মভাবে সম্পাদনা করেন ‘সন্দীপন’ শীর্ষক একটি সাহিত্য পত্রিকা।
খুলনায় এসে তার সাহিত্যসৃষ্টির উৎসমুখ খুলে গেল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘সন্দীপন‘-কে কেন্দ্র করে। ষাটের দশকের প্রথম দিকে নাজিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান, জহরলাল রায়, সাধন সরকার, খালেদ রশীদ প্রমুখ সংগ্রামী কয়েকজন তরুণের চেষ্টায় গঠিত হয়েছিল ‘সন্দীপন গোষ্ঠী‘। ততদিনে অবশ্য হাসান আজিজুল হক রীতিমতো বিখ্যাত।
প্রথম গল্পগ্রন্থ ‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য‘ এর প্রথম গল্প ‘শকুন‘-এ সুদখোর মহাজন তথা গ্রামের সমাজের তলদেশ উন্মোচিত করেছিলেন তিনি। প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় হাসান আজিজুল হক অনেক উল্লেখযোগ্য গল্পের রচয়িতা। এসবের মধ্যে রয়েছে ‘শকুন‘, ‘তৃষ্ণা‘, ‘উত্তরবসন্তে‘, ‘বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর‘, ‘পরবাসী‘, ‘আমৃত্যু‘ ‘আজীবন‘, ‘জীবন ঘষে আগুন‘, ‘খাঁচা‘, ‘ভূষণের একদিন‘, ‘ফেরা‘, ‘মন তার শঙ্খিনী‘, ‘মাটির তলার মাটি‘, ‘শোণিত সেতু‘, ‘ঘরগেরস্থি‘, ‘সরল হিংসা‘, ‘খনন‘, ‘সমুখে শান্তির পারাবার‘, ‘অচিন পাখি‘, ‘মা–মেয়ের সংসার‘, ‘বিধবাদের কথা‘ ‘সারা দুপুর‘ ও ‘কেউ আসেনি‘।
১৯৬০ সালে বৃত্তায়ন নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে আগুনপাখি নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। তার দ্বিতীয় উপন্যাস ’সাবিত্রী উপাখ্যান‘ ২০১৩ সালে প্রকাশিত হয়। ‘শিউলি‘ নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন।
তাঁর স্ত্রী শামসুন নাহার। তারা তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক–জননী।
হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে :
গল্পগ্রন্থ
১ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪),
২ আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭),
৩ জীবন ঘষে আগুন ১৯৭৩
৪ নামহীন গোত্রহীন ১৯৭৫
৫ পাতালে হাসপাতালে ১৯৮১
৬ নির্বাচিত গল্প ১৯৮৭
৭ আমরা অপেক্ষা করছি ১৯৮৮
৮ রাঢ়বঙ্গের গল্প ১৯৯১
৯ রোদে যাবো ১৯৯৫
১০ হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প ১৯৯৫
১১ মা মেয়ের সংসার ১৯৯৭
১২ বিধবাদের কথা ও অন্যান্য গল্প ২০০৭
প্রবন্ধ গ্রন্থ
১ কথাসাহিত্যের কথকতা ১৯৮১
২ চালচিত্রের খুঁটিনাটি ১৯৮৬
৩ অপ্রকাশের ভার ১৯৮৮
৪ সক্রেটিস ১৯৮৬
৫ অতলের আধি ১৯৯৮
৬ কথা লেখা কথা ২০০৩
৭ লোকযাত্রা আধুনিক সাহিত্য ২০০৫
৮ একাত্তর : করতলে ছিন্নমাথা ২০০৫
৯ ছড়ানো ছিটানো ২০০৮
১০ কে বাঁচে কে বাঁচায় ২০০৯
১১ বাচনিক আত্মজৈবনিক ২০১১
১২ চিন্তন–কণা ২০১৩
১৩ রবীন্দ্রনাথ ও ভাষাভাবনা ২০১৪
উপন্যাস
১ আগুনপাখি ২০০৬
২ সাবিত্রী উপাখ্যান ২০১৩
৩ শামুক ২০১৫[৬]
উপন্যাসিকা
· বৃত্তায়ন (১৯৯১)
· শিউলি (২০০৬)
নাটক
· চন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর)
শিশুসাহিত্য
· লালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস)
· ফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প)
স্মৃতিকথা/আত্মজীবনীমূলক
· ফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)
· উঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)
· টান (২০১২)
· লন্ডনের ডায়েরি (২০১৩)
· এই পুরাতন আখরগুলি (৩য় অংশ, ২০১৪)
সম্পাদিত গ্রন্থ
· গোবিন্দচন্দ্র দেব রচনাবলী (তিন খণ্ড, ১৯৭৯)
· দুই বাংলার ভালোবাসার গল্প (যৌথ, ১৯৮৯)
· একুশে ফেব্রুয়ারি গল্প সংকলন (২০০০)
· কুসুমে কুসুমে স্মারকচিহ্ন (অধ্যাপক মফিজউদ্দিন স্মারকগ্রন্থ)
· জন্ম যদি তব বঙ্গে (সারোয়ার জাহান স্মারকগ্রন্থ)
· বং বাংলা বাংলাদেশ (যৌথ, সনৎকুমার সাহা সম্মাননাগ্রন্থ, ২০১২)
· রমেন্দ্রনাথ ঘোষ : দার্শনিক প্রবন্ধাবলি (যৌথ, ২০১৪)
· এছাড়া তিনি ‘প্রকৃতি’ নামে একটি সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন। এটির ১ম সংখ্যার প্রকাশকাল ১৯৯২। পত্রিকাটির চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।[৭]
রচনাসংগ্রহ
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–১ (২০০১)
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–২ (২০০১)
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–৩ (২০০২)
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–৪ (২০০৩)
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–৫ (২০০৭)
· হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ–৬ (২০১১)
––